Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইপাসের ধারে পথচারীদের চলার পথ ঢেকেছে জঙ্গলে, সাপের আতঙ্ক

বাইপাসের ধারে পথচারীদের চলার পথ ঢেকেছে জঙ্গলে, সাপের আতঙ্ক
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের পদ্মপুকুর থেকে বংশীবটতলা পর্যন্ত আদি গঙ্গার কাছে বাইপাসের ধারে প্রাতঃভ্রমণকারীদের চলার জায়গা ঢেকেছে জঙ্গলে। পার্থেনিয়ামের গাছ রেলিং জুড়ে ছেয়ে গিয়েছে। বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রব। তাই ভয়ে প্রাতঃভ্রমণকারীরা ওই জায়গা দিয়ে হাঁটাই বন্ধ করে দিয়েছেন। কবে জঙ্গল পরিষ্কার হবে, সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস বলেন, দ্রুত সমস্যা মিটিয়ে দেওয়া হবে। সেচদপ্তরের মগরাহাট ড্রেনেজ ডিভিশনের পক্ষ থেকে আদি গঙ্গার কাছে বাইপাসের ধারে হাঁটার জায়গায় সৌন্দর্যায়ন করা হয়েছিল। আছে বসার জায়গাও। লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল সেই জায়গা। কিন্তু বাইপাসের পদ্মপুকুর থেকে বংশীবটতলা পর্যন্ত অংশ এখন ঘন জঙ্গল-আগাছায় ঢেকেছে। হাঁটার জায়গায় ঘাস বড় হয়ে পায়ে ঠেকছে। প্রাতঃভ্রমণকারীদের হাঁটাই বন্ধ হয়ে গিয়েছে। তাঁরা অগত্যা বাইপাস ধরেই প্রাতঃভ্রমণ সারছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। অনেকেই বলেন, কোনও নজরদারি নেই, তাই এই অবস্থা হয়েছে। পোকা-মাকড়, সাপ ঘুরে বেড়াছে জঙ্গলে। ভয়ে আমরা ওই জায়গায় যেতেই পারি না। তাই বাইপাস দিয়ে হাঁটতে হয়। স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিদের জানিয়েও কোনও কাজ হয়নি। অবিলম্বে এই বিষয়টি প্রশাসনের দেখা উচিত। জায়গাটি স্থানীয় কল্যাণপুর ও শিখরবালি ১ নম্বর পঞ্চায়েতের অধীন। তাঁদেরই দেখভাল করার কথা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ