Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইপাস সংলগ্ন গুলশান কলোনির নিকাশি উন্নয়নের কাজ শীঘ্র শুরু, বরাদ্দ ১২ কোটি 

বাইপাস সংলগ্ন গুলশান কলোনির নিকাশি উন্নয়নের কাজ শীঘ্র শুরু, বরাদ্দ ১২ কোটি 
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুলশান কলোনি। সম্প্রতি, কলকাতা পুরসভার ১২ নম্বর বরো চেয়ারম্যান তথা ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনা ঘটে। তারপরেই গুলশান কলোনির বিভিন্ন জায়গায় জলাশয় ভরাট কিংবা বেআইনি নির্মাণ নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। দক্ষিণ-পূর্ব কলকাতার ই এম বাইপাস সংলগ্ন এই অঞ্চল এমনিতেই দীর্ঘকাল ধরে অবহেলিত বলে অভিযোগ। এবার সেই গুলশান কলোনির নিকাশি ব্যবস্থা তৈরিতে হাত দিতে চলেছে কলকাতা পুরসভা। গোটা অঞ্চলের ছোট-বড় বিভিন্ন রাস্তায় ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হবে। কাজ শুরুর আগে সোমবার ওই এলাকায় সমীক্ষার কাজ করলেন নিকাশি বিভাগের কর্তারা। এই কাজে ১১ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে পুরসভার সূত্রে খবর। কাজটি সম্পূর্ণ হয়ে গেলে এই অঞ্চলের নিকাশি সমস্যা মেটার পাশাপাশি জমা জলের ভোগান্তিও কমবে। 
Advertisement
বাইপাসের আম্বেদকর সেতুর নীচ দিয়ে নেমে খালপাড় বরাবর সোজা চলে যাওয়া যায় গুলশান কলোনিতে। গোরুর মোড় এবং ভি ভি আর মোড় এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পুরসভা সূত্রে খবর, গোটা এলাকার ২৫টি ছোট-বড় রাস্তার নীচে নতুন নিকাশি পাইপলাইন বসানোর কাজ হবে। সব মিলিয়ে প্রায় সাড়ে চার কিলোমিটার লাইন পাতা হবে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গোটা অঞ্চলে অধিকাংশ জায়গাতেই নর্দমা থাকলেও তা রয়েছে খোলা অবস্থায়। অনেক জায়গাতে আবার নর্দমাই নেই। ফলে নোংরা জল সবটাই স্থানীয় কিছু পুকুর এবং পার্শ্ববর্তী খালে গিয়ে পড়ে। আর একটু বৃষ্টি হলেই জলে এলাকা থইথই করে।
স্থানীয় ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষ বলেন, ওখানে কোনও নিকাশি ব্যবস্থাই নেই। প্রচুর জল জমে। বাসিন্দাদের খুব ভোগান্তি হয়। দু’বছর ধরে এই কাজের জন্য চেষ্টা চালিয়েছি। অবশেষে বরাদ্দ মিলেছে। কাজ শুরু হবে। ওখানে একটি নিকাশির পাওয়ার লিফ্টিং স্টেশন বানানো হবে। নতুন নিকাশি লাইনও পাতা হবে। বিস্তীর্ণ অঞ্চলের মানুষ উপকৃত হবে। নিকাশি বিভাগের এক কর্তার কথায়, বাইপাসের তুলনায় এই অঞ্চল অনেকটাই নিচু। ফলে প্রচুর জল জমে যায়। নতুন নিকাশি নালা তৈরি করে সেটা আইসি ক্যানালের সঙ্গে যুক্ত করা হবে। ফলে, গোটা অঞ্চলে নিকাশি সমস্যা সমাধানের পাশাপাশি জমা জলের দুর্ভোগও মিটবে। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ