Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইপাসে শাসনের সঙ্গে কৃষ্ণমোহন সংযোগকারী বিকল্প রাস্তা হবে, উদ্যোগ বারুইপুর পুরসভার

বাইপাসে শাসনের সঙ্গে কৃষ্ণমোহন সংযোগকারী বিকল্প রাস্তা হবে, উদ্যোগ বারুইপুর পুরসভার
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: যানজটের যন্ত্রণা বারুইপুরের নিত্যদিনের। বারুইপুর পুরনো বাজার মোড়ে যানজটের সমস্যা থেকে মুক্তি পেতে পদ্মপুকুর-শাসন বাইপাসের সঙ্গে কৃষ্ণমোহনের শূলিপোতা রেল গেট সংযোগকারী বিকল্প রাস্তা নির্মাণের চিন্তাভাবনা করেছে বারুইপুর পুরসভা। এজন্য উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিমানবাবু বলেন, এই কাজের জন্য পরিকল্পনা করেছে বারুইপুর পুরসভা। বাস্তুকাররা সমীক্ষাও করে গিয়েছেন। মানুষ যাতে সহজেই কম সময়ের মধ্যে কৃষ্ণমোহনের কাছে পৌঁছে যেতে পারে, তার জন্যই এই ভাবনা।
Advertisement
প্রসঙ্গত, বারুইপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিকাশ দত্ত এই কাজের জন্য রাস্তা চিহ্নিত করে পুরসভাকে জানিয়েছিলেন। জানা গিয়েছে, আনুমানিক ৫০ ফুটের মত রাস্তা নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। সদাব্রত ঘাটের ডানদিকে কিছুদূর গিয়ে পুরসভার নিজস্ব ২০-২২ ফুটের মতো রাস্তা আছে। বাকি রাস্তার জন্য কিছু জায়গা অধিগ্রহণ করতে হবে। তার ফলে রাস্তা গিয়ে মিলবে একেবারে শাসন রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তার মাধ্যমে বাইপাসেও ওঠা যাবে। অন্যদিকে, সদাব্রত ঘাটের বাম দিকে কৃষ্ণমোহনের শূলিপোতা রেল গেটের দিকে যাওয়ার রাস্তা আগে থেকেই হয়ে আছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। অনেকেই বলেন, শাসন থেকে সরাসরি রাস্তা ধরে কৃষ্ণমোহনের দিকে যাতায়াত ব্যবস্থা এতে সহজ হবে। বড় যানবাহনের চলাচলের জন্য আলাদা পথ হয়ে গেলে যানজটও অনেকটা মিটে যাবে।
সম্পর্কিত সংবাদ