Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাইপাসে আম্বেদকর উড়ালপুলের নীচে তৈরি হবে নতুন সেতু, খরচ ১৮ কোটি

বাইপাসে আম্বেদকর উড়ালপুলের নীচে তৈরি হবে নতুন সেতু, খরচ ১৮ কোটি
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই এম বাইপাস থেকে বাসন্তী হাইওয়েতে যাতায়াত আরও সহজ ও সুগম করতে আম্বেদকর উড়ালপুলের (সায়েন্স সিটির পর) ঠিক নীচে নিকাশি খালের উপর আরও একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। ২৬ থেকে ২৭ ফুট চওড়া এবং ৬৫ মিটার দীর্ঘ এই সেতুটি বানাতে খরচ ধরা হয়েছে ১৮ কোটি টাকা। ইতিমধ্যে টেন্ডার ডেকেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। নতুন বছরের শুরুতেই সেতু তৈরির কাজ শুরু করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মূলত রুবির দিক থেকে যেসব গাড়ি কলকাতা-মালঞ্চ রোড বা বাসন্তী হাইওয়েতে আসে, সেগুলির যাতায়াত সহজ করতেই এই নয়া সেতু তৈরির সিদ্ধান্ত হয়েছে। এর ফলে আম্বেদকর উড়ালপুলের নীচে নিকাশি খালের দু’ধারের রাস্তায় যানজটও কমবে। 
Advertisement
বর্তমানে রুবি থেকে যেসব গাড়ি বাসন্তী হাইওয়ের দিকে আসে, তাদের আম্বেদকর উড়ালপুলের পাশে বাঁদিকের রাস্তা ধরতে হয়। সেই রাস্তা ধরে খালপাড় বরাবর জি জে খান রোডে কিছুটা এগলেই রয়েছে একটি ছোট সেতু। সেই সেতু পেরিয়ে গাড়িগুলি ডাঃ বি এন দে রোড ধরে আম্বেদকর উড়ালপুলের নীচ দিয়ে বাসন্তী হাইওয়েতে ওঠে। এই পথে নিয়মিত বহু গাড়ি যাতায়াত করে। একাধিক বাস রুটও রয়েছে। স্বাভাবিকভাবেই জি জে খান রোড এবং ডাঃ বি এন দে রোডে প্রচুর যানজট হয়। নিকাশি খালের উপরে থাকা সেতুটি অপরিসর হওয়ায় সমস্যা আরও জটিল আকার নেয়। সম্প্রতি এই উড়ালপুলের নীচের রাস্তায় পরপর দু’টি দুর্ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে জি জে খান রোড ও ডাঃ বি এন দে রোডকে সংযুক্ত করতে ঠিক আম্বেদকর উড়ালপুলের নীচে আরও একটি দু’লেনের এবং প্রশস্ত সেতু বানানো হবে। কলকাতা পুরসভার স্থানীয় ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ফৈয়জ আহমেদ খান বলেন, ‘এলাকায় জনসংখ্যা বেড়েছে। বেড়েছে গাড়ির সংখ্যাও। এই পরিস্থিতিতে ওখানে একটা সেতু খুব জরুরি। গত তিন বছর ধরে এটার জন্য তাগাদা দিয়ে আসছি। অবশেষে কাজ শুরু হতে চলেছে।’ সেতুটি তৈরি হয়ে গেলে উড়ালপুলের নীচ দিয়ে রুবি থেকে বাসন্তী হাইওয়েগামী গাড়িগুলির যাতায়াত যেমন সহজ হবে, তেমনই প্রয়োজনে আম্বেদকর সেতু এড়িয়ে নীচের ব্রিজ দিয়ে ই এম বাইপাসের একদিক থেকে অন্যদিকে যেতে পারবে গাড়িগুলি।
সম্পর্কিত সংবাদ