সংবাদদাতা, উলুবেড়িয়া: দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক কিশোরের। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বাগনান থানার বাইনান বড়পোল এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম সৈয়দ বাশার (১৬)। বাড়ি আমতার তাজপুরে। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাঁদের চিকিৎসা চলছে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিস মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে মোবাইল কেনার জন্য বাশার এবং তার এক ভাই বাইকে চেপে তাজপুরের দিক থেকে বাগনানের দিকে যাচ্ছিল। বাইনান বড়পোল এলাকায় উল্টোদিক থেকে আসা একটি বাইকের সঙ্গে বাশারের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাইকটিতেও দু’জন ছিল। দুর্ঘটনায় চারজনই রাস্তায় ছিটকে পড়েন। বাশারের মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি আহত তিনজনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।



