নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএম নেতা ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর শরীরে পেসমেকার বসেছে। তাঁকে ১৯ আগস্ট দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে পেসমেকার বসানো হয়। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, চিকিত্সকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিমানবাবু সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিত্সকরা।
৮৭ বছর বয়সি বর্ষীয়ান বিমান বসু দেশের বাম রাজনীতির উল্লেখযোগ্য নাম। তাঁর আড়ম্বরহীন জীবনযাপন তরুণ রাজনীতিকদের কাছে উদাহরণ। জানা গিয়েছে, দিল্লিতে বিমানবাবুর দেখাশোনার দায়িত্বে আছেন কৃষক নেতা বিজু কৃষ্ণণ। সিপিএম সামাজিক মাধ্যমে জানিয়েছে, বিমান বসুর অবস্থা স্থিতিশীল। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
এর পাশাপাশি দু’সপ্তাহ ধরে পেটে ব্যথার কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে। শনিবার তাঁর শারীরিক পরীক্ষা হয়। গুরুতর অসুস্থতাজনিত কিছু শরীরে পাওয়া যায়নি। আগের তুলনায় তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকদলের অন্যতম সদস্য ডাঃ সৌতিক পান্ডা। তবে মীরাদেবীর হৃদযন্ত্রের কিছু সমস্যার চিকিৎসা চলছে বলে জানান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সরোজ মণ্ডল। সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে দেখতে হাসপাতালে যান।