নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়তে চলেছে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা। নতুন প্রশাসনিক পরিকাঠামোতে আরও ১৬টি ওয়ার্ড বৃদ্ধি পাচ্ছে। এই মর্মে একটি বিল আসতে চলেছে বিধানসভায়। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে একটি চিঠি এসেছে বিধানসভার প্রধান সচিবের কাছে। যে চিঠিতে হাওড়া পুরসভা সংক্রান্ত বিলের বিষয়ে উল্লেখ করা হয়েছে। বিলের নাম ‘হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬।’ বিলের মূল বিষয়বস্তু, হাওড়া পুরসভায় এখন ৫০টি ওয়ার্ড রয়েছে। সেটি এবার বৃদ্ধি পেয়ে হবে ৬৬টি। নয়া বিলটি বিধানসভায় আসার পর তা নিয়ে আলোচনা হবে। আশা করা হচ্ছে, চলতি অধিবেশনেই বিলটি উত্থাপন হবে। পাশ হয়ে গেলে তা অনুমোদনের জন্য পাঠানো হবে রাজ্যপালের কাছে। তিনি সই করলে তারপর তা কার্যকর হবে। প্রশাসনিক কাজের সুবিধার্থেই ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে বলে প্রশাসনিক কর্তাদের অভিমত। তবে পুরসভার ভোট কবে হবে, এখনও এই প্রশ্ন অমীমাংসিতই থেকে গিয়েছে।



