Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দ্বিপাক্ষিক বৈঠকে বন্ধ দলসিংপাড়া চা বাগান খোলা নিয়ে আশার আলো

দ্বিপাক্ষিক বৈঠকে বন্ধ দলসিংপাড়া চা বাগান খোলা নিয়ে আশার আলো
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: শুক্রবার শিলিগুড়িতে শ্রমদপ্তর আলাদা করে মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার পর বন্ধ দলসিংপাড়া চা বাগান খোলার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে। এদিন শিলিগুড়ির দাগাপুরে শ্রমদপ্তরের ভবনে কালচিনির বন্ধ দলসিংপাড়া বাগান নিয়ে বৈঠক হয়। দু’পক্ষের সঙ্গে আলাদা করে বৈঠকের পর শ্রমদপ্তর মালিকপক্ষকে দ্রুত বাগান খোলার নির্দেশ দিয়েছে। 

Advertisement

২০২৩ সালের ১০ অক্টোবর বাগানটি মালিক পরিত্যক্ত হয়ে পড়ে। এরফলে ২২৬০ জন শ্রমিক বিপাকে পড়ে। বাগানের শ্রমিকদের চার মাস ধরে মজুরি মিলছে না। শ্রমিকদের দু’টি দুর্গাপুজোর বোনাস বাকি। শ্রমিকদের গ্র্যাচুইটির টাকাও বাকি। যেহেতু মালিকপক্ষ সাসপেনশন অব ওয়ার্কের নোটিস দেয়নি, সেজন্য বাগানটিকে সরকারিভাবে বন্ধ বলা যায় না। বাগানটির অচলাবস্থা কাটাতে এর আগে ছ’টি বৈঠক ডাকে শ্রমদপ্তর। কিন্তু মালিকপক্ষ কোনও বৈঠকেই হাজির হয়নি। এদিন সপ্তম বৈঠকে হাজির হওয়ার পর শ্রমদপ্তর দ্রুত বাগানের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেয় মালিকপক্ষকে। নচেৎ রাজ্য সরকারের এসওপি লাগু করে নতুন মালিককে বাগানের দায়িত্ব দেওয়ার হুঁশিয়ারি দেয়। 
শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, দলসিংপাড়া বাগান খুলতে খুব শীঘ্রই ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হবে। মালিকপক্ষকেও সেটা জানানো হয়েছে। 
শ্রমদপ্তর জট খোলার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান টি প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশনের ডুয়ার্স শাখার সচিব রামঅবতার শর্মা। তিনি বলেন, আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবীন রাই বলেন, শ্রমদপ্তর ত্রিপাক্ষিক বৈঠক ডাকার পর আশা করছি দলসিংপাড়ার সমস্যা মিটবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ