নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দ্রুতগতিতে বাইক চালিয়ে বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বিবেক প্রসাদ (২২)। তাঁর বাড়ি লিলুয়ার পটুয়াপাড়ায়। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে লিলুয়া ব্রিজের আগে পোকুরি মোড়ে। লিলুয়া থানার পুলিস রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘প্রচণ্ড জোরে বাইক চালিয়ে আসার সময় একটি কালভার্টের উপর উঠে আচমকাই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যুবক। তারপর পাশেই একটি ল্যাম্পপোস্টে ধাক্কা লাগে।’ স্থানীয়দের অভিযোগ, ড্রেন সাফাইয়ের পর মাঝেমধ্যেই কালভার্টের স্ল্যাব তুলে রাখা হয়। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। বালি পুরসভার তরফে কালভার্টের ওই স্ল্যাব পরে ঠিক করে দেওয়া হয়েছে বলে খবর।



