নাগপুর: বাইকচালককে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলায় কোহমারা রাজ্য সড়কে সরকারি বাস উল্টে বেঘোরে প্রাণ গেল ন’জন যাত্রীর। জখম বহু। শুক্রবার মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশনের ওই বাস নাগপুর থেকে গোন্ডিয়ার দিকে যাচ্ছিল। বাসে ছিলেন ৩৫ জন। জানা গিয়েছে, হঠাৎই একটি বাইক বাসের সামনে চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। উল্টে যায় বাস। ঘটনাস্থলেই ন’জনের মৃত্যু হয়। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বাসচালক। পুলিস এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত বাসটি ক্রেন দিয়ে সরানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, বাসটি দ্রুতগতিতে আসছিল। তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক।



