Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকচালকদের হেলমেট ব্যবহারে সচেতনতা দাঁতন-২ সরকারি কলেজের পড়ুয়াদের  

বাইকচালকদের হেলমেট ব্যবহারে সচেতনতা দাঁতন-২ সরকারি কলেজের পড়ুয়াদের
 
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: বেলদা-দীঘা রাজ্য সড়ক সংস্কারের কাজ চলছে। প্রশস্ত হচ্ছে রাস্তা। ফলে গতি বেড়েছে যানবাহনের। আর সেই রাস্তায় ক্রমেই বেড়ে চলেছে দুর্ঘটনা। হেলমেটবিহীন বাইকচালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বুধবার সেইসমস্ত হেলমেটবিহীন বাইক চালকদের সতর্ক করতে সচেতনতা কর্মসূচি করে দাঁতন-২ সরকারি মহাবিদ্যালয়। এদিন বেলদা থানার কাশমুলি এলাকায় কলেজের সামনে রাজ্য সড়কে পড়ুয়ারা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’এর ব্যানার হাতে নিয়ে সচেতনতামূলক মিছিল করে। কলেজ থেকে শুরু হয়ে কাশমুলি বাজার পরিক্রমা করে মিছিল কলেজে এসে শেষ হয়। পাশাপাশি পথচলতি হেলমেটবিহীন বাইক চালকদের রাস্তার পাশে আটকে পড়ুয়াদের পক্ষ থেকে সচেতনতার বার্তা দেওয়া হয়। নিয়মভঙ্গকারীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ও চকোলেট। 
Advertisement
কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শেখ আজহারউদ্দিন বলেন, এই রাস্তায় অনেকে বিনা হেলমেটে বাইক চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনায় প্রাণহানিও বাড়ছে। তা কখনওই কাম্য নয়। তাই আমরা পড়ুয়ারা এদিন কলেজের পক্ষ থেকে হেলমেটবিহীন বাইক চালকদের সতর্ক করছি। আগামী দিনে পুলিস-প্রশাসনকে এবিষয়ে আরও কঠোর ব্যবস্থা নিতে আবেদন জানাব। কলেজের অধ্যক্ষ শৈশবকুমার দিন্ডা বলেন, যেভাবে অল্পবয়সি ছেলেমেয়েরা বিনা হেলমেটে দ্রুতগতিতে বাইক চালাচ্ছে ও দুর্ঘটনার কবলে পড়ছে, তা উদ্বেগের বিষয়। কলেজের পড়ুয়াদের পক্ষ থেকে তাদের সচেতন করতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসনীয়। আশা করছি পড়ুয়ারা নিজেদের সমবয়সিদের পাশাপাশি অভিভাবকদেরও এবিষয়ে সচেতন করবে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ