Bartaman Logo
২৭ মে, ২০২৬

বাইকে করে এসে পর পর গুলি, দিল্লিতে প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃত ব্যবসায়ী

বাইকে করে এসে পর পর গুলি, দিল্লিতে প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃত ব্যবসায়ী
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি, ০৭ ডিসেম্বর: দিল্লিতে রাস্তায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ। আজ, শনিবার দিল্লির শাহদরা জেলায় ঘটনাটি ঘটেছে। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। সেই সময়ে বাইকে করে এসে দু’জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিস।
Advertisement
পুলিস সূত্রে খবর, মৃতের নাম সুনীল জৈন (৫২)। তিনি কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। তাঁর বাসনপত্র্রের ব্যবসা রয়েছে। এদিন সকাল সাতটা নাগাদ তিনি যমুনা স্পোর্টস কমপ্লেক্স থেকে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই বাইকে করে দু’জন দুষ্কৃতী তাঁর পিছন থেকে এসে তাঁকে লক্ষ্য করে সাত থেকে আট রাউন্ড গুলি চালায়। মুহূর্তেই ঝাঁঝড়া হয়ে যায় তাঁর শরীর। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুনীল। খবর দেওয়া হয় পুলিসে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে খবর। তবে ঘটনার পর থেকে পলাতক আততায়ীরা। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
দিল্লিতে অপরাধের হার বৃদ্ধির জন্য আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই দায়ী করেছেন। তিনি বলেন, “অমিত শাহ দিল্লিকে ধ্বংস করে দিয়েছেন। জঙ্গল রাজ বানিয়ে দিয়েছেন। মানুষ সর্বত্র ভীত সন্ত্রস্ত। বিজেপি দিল্লির আইনশৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে পারছে না।”
সম্পর্কিত সংবাদ