নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রোজ রাতে কারও না কারও গোয়াল থেকে চুরি যাচ্ছিল গোরু! বাধ্য হয়ে গোরু চুরি ঠেকাতে পালা করে রাত জাগা শুরু করেন তিস্তাপাড়ের বাসিন্দারা। আর তাতেই কাজ হল। শনিবার মাঝরাতে ‘গোরুচোর’ সন্দেহে বিহারের এক যুবককে হাতেনাতে পাকড়াও করলেন জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগরের বাসিন্দারা। এরপরই শুরু হয় গণধোলাই। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিস গিয়ে ওই যুবককে আটক করে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিসের তরফে জানানো হয়েছে।
দক্ষিণ সুকান্তনগরের বাসিন্দাদের দাবি, বেশ কিছুদিন ধরে এলাকার কারও না কারও বাড়ি থেকে গোরু চুরি যাচ্ছিল। এখনও পর্যন্ত ১৪টি গোরু চুরি গিয়েছে। এলাকার বাসিন্দাদের গোরু বেশিরভাগই তিস্তার বাঁধের ধারে গোয়ালে বাঁধা থাকে রাতে। সেখান থেকে পরপর গোরু চুরির ঘটনা ঘটছিল। বিষয়টি স্থানীয় পঞ্চায়েতের পাশাপাশি পুলিসকেও জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। এরপর তাঁরা নিজেরাই গোরু চুরি রুখতে উদ্যোগী হন। পালা করে রাত জাগা শুরু করেন। শনিবার তিনজন রাত পাহারা দিচ্ছিলেন। তাঁদের দাবি, মাঝরাতে ওই যুবক এলাকায় গোরু চুরি করতে আসে। তাড়া করায় দৌড়ে পালানোর চেষ্টা করে সে। ওই যুবকের বাড়ি বিহারের কাটিহারে। সে কোনও চক্রের সদস্য কি না তা খতিয়ে দেখছে পুলিস।