


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শোনা যায়, উত্তর কোরিয়ার কাছে নাকি প্রচুর পারমাণবিক অস্ত্র রয়েছে। আর সে-দেশের রাষ্ট্রপ্রধান কিম জং উনকে ঘিরে নানা গল্প ঘুরে বেরায় নেট চত্বরে। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে কিমকে নিয়ে নেটপাড়ার মিমের শেষ নেই। সেইসব মিমের বিষয়বস্তু হল, ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সম্পাদক কিম নাকি কান্নাকাটি করছেন। কেন? কারণ, তিনি সব অস্ত্র নিয়ে বসে রয়েছেন কিন্তু কেউ তাঁকে যুদ্ধে ডাকছে না। এসবই হিন্দি কিংবা ইংলিশে। এবার চলে এসেছে খাঁটি বাংলা সংস্করণ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তাল নবমী’ গল্প অবলম্বনে মানস মুকুল পাল তৈরি করেছিলেন ‘সহজ পাঠের গপ্পো’। আজ থেকে দশ বছর আগে। এই ছবিতে অভিনয়ের জন্য অভিনেতা নুর ইসলাম ও সামিউল আলম যৌথভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় পুরস্কারও পেয়েছিল। এই ছবিতেই একটি দৃশ্য ছিল যেখানে গ্রামের বড়োলোক বাড়ির অনুষ্ঠানে সকলে নিমন্ত্রণ পেয়েছেন। আর গরিব বাড়ির ছোটু পায়নি। বন্ধুরা ছোটুর (নুর) বাড়ির পাশ দিয়েই ভালো জামাকাপড় পরে নেমন্তন্ন খেতে যায়। আর ছোটু তাঁদের দিকে সজল নয়নে তাকিয়ে বলে, আমাকেও ডাকবে। নেটিজেনরা মিম তৈরি করেছেন এই দৃশ্য নিয়ে। যেখানে ছোটু হল কিম জং উন। আর তার দুই বন্ধু রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন ও চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং। বন্ধুদের কাছে যেন কিম সজল নয়নে বলছেন, আমাকেও ডাকবে।
এসব দেখে হাসির রোল উঠেছে খোদ পরিচালক-অভিনেতাদের মধ্যেই। ছবির পরিচালক মানস মুকুল বলছিলেন, ‘নুর আমাকে মিমের ভিডিয়ো পাঠিয়ে বলল, কাকু দেখো। আমি তো দেখলাম, নুরের মুখটা কিমের মতো করে এমন বানিয়েছে, মনে হচ্ছে যেন ওকে হাজারটা ভিমরুল কামড়েছে।’ একেবারে খাঁটি বাংলা ভাষায় মিম পেয়ে নেটিজেনরা বেজায় খুশি। অনেকে আবার বলছেন, সোশ্যাল মিডিয়ার যুগে ইরান-ইজরায়েলের যুদ্ধে কেমন বাঙালি মিশে গেল।