নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেড় বছরের মেয়েকে নিয়ে ভ্যানে করে গাইঘাটায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন মা ও পরিবারের সদস্যরা। শিশুকন্যাটি ছিল চাদরে জড়ানো। কিন্তু ব্যাটারিচালিত ভ্যানের চাকার সঙ্গে চাদরের ঝুলে থাকা অংশ জড়িয়ে যাওয়ায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় সে। শিশুটির মাথায় চোট লাগে। গুরুতর জখম অবস্থায় হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ইছাপুর ঘোষবাড়ি এলাকায়।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম নুরনাহার পারভিন। আজ, মঙ্গলবার বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহ পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। মৃত শিশুকন্যার বাড়ি বসিরহাটের মাটিয়াতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাতটায় মাটিয়া থেকেই ব্যাটারিচালিত ভ্যান ভাড়া করে দেড় বছরের শিশুকন্যাকে নিয়ে মা ও পরিবারের লোকজন গাইঘাটায় যাচ্ছিলেন। পথেই ঘটে মর্মান্তিক এই ঘটনা। পরিবারের লোকজন তড়িঘড়ি জখম শিশুকে নিয়ে আসেন গোবরডাঙার একটি নার্সিংহোমে। অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে আসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করেন।



