সংবাদদাতা, বসিরহাট: নয়ানজুলিতে যাত্রীবাহী ভ্যান উল্টে মৃত এক ব্যক্তির, নিখোঁজ আরও এক। ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার মেদীয়া সতীন সেন নগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী ভ্যান উল্টে বিশ্বনাথ শীল নামে ৬০ বছর বয়সি ওই ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, ভ্যান চালক সহ দু’জন ছিলেন ভ্যানে। পুলিস ও মৎস্যজীবী সমবায় সমিতির চেষ্টায় উদ্ধার হয় ওই ব্যক্তির মৃতদেহ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন উদাসীন, সেই কারণে অন্ধকারে বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। পুলিস মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিস মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস। নিখোঁজ ব্যক্তির খোঁজ চলছে।



