নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভুয়ো কল সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল স্পোর্টস বেটিং সাইট। এই চক্রই সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিত। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রের খবর পেয়ে বেলুড়ের চটকল এলাকায় জিটি রোডের পাশে একটি আবাসনে হানা দেয় হাওড়া সিটি পুলিস। সেখান থেকে হাতেনাতে ন’জনকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিমল কাটিয়ার, অজিত প্যাটেল, রাহুল অশ্বিনী, নিখিল কোরি, সুশীল সোনি, নীতিন কালওয়ানি, সাহিল চাদার, সোনু চাদার ও সোনভিন্দ যাদব। তারা প্রত্যেকেই মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ২২টি মোবাইল ফোন, দু’টি ল্যাপটপ, নগদ ১১ হাজার টাকা ও বেশ কিছু নথিপত্র। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘কল সেন্টার চালানোর নামে তারা দীর্ঘদিন ধরে ভুয়ো স্পোর্টস বেটিং অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল। এই ধরনের অ্যাপে টাকা ঢেলে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। সাইবার কেলেঙ্কারি নিয়ে হাওড়া সিটি পুলিস কড়া নজরদারি চালাচ্ছে।’



