নিজস্ব প্রতিনিধি, তমলুক: পোর্টালে গ্রামের নাম না থাকায় ভূপতিনগরে ছ’টি গ্রামের ৩৬০০জন চাষি প্রধানমন্ত্রী ফসলবিমা যোজনায় আবেদন করতে পারছেন না। এর ফলে ওই চাষিরা সমস্যায় পড়েছেন। গড়বাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের অধীন কাখুরিয়াবাড়ি, পূর্বচক, ঝিনুকখালি ও তিওরখালি এবং গড়বাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের অধীন খিরিশবাড়ি, গড়বাড়ি গ্রামের নাম পোর্টালে নেই। এর ফলে ওইসব গ্রামের চাষিরা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় আবেদন করতে পারছেন না। আগামী ১৫সেপ্টেম্বর পর্যন্ত ফসল বিমায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। কিন্তু, পোর্টালে গ্রামের নাম না থাকায় চাষিরা আতান্তরে পড়েছেন।
স্থানীয় ঝিনুলখালি গ্রামের স্বপন জানা, পূর্বচক গ্রামের পিনাকীরঞ্জন বেরা, খিরিশবাড়ির অশোক মণ্ডল প্রত্যেকেই এলাকার চাষি। তাঁরা সমবায় সমিতির সদস্য। কিন্তু, গ্রামের নাম পোর্টালে না থাকায় তাঁরা কেউই ফসলবিমা যোজনায় আবেদন করতে পারছেন না। এর ফলে সমস্যায় পড়েছেন। এই সমস্যা অবিলম্বে সমাধানের জন্য তাঁরা কৃষিদপ্তর এবং প্রশাসনের কাছেও দরবার করছেন।
এনিয়ে সমস্যায় পড়েছে ওই এলাকার চারটি সমবায় সমিতিও। কারণ, ওই চাষিরা এলাকার চারটি সমবায় সমিতির সদস্য। গড়বাড়ি ইউনিয়ন কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির চেয়ারম্যান অমলেশ গিরি বলেন, পোর্টালে গ্রামের নাম নেই। যেকারণে আমাদের সমিতির প্রায় ১২০০ সদস্য ফসল বিমা যোজনায় নাম অন্তর্ভুক্ত করতে পারছেন না। ১৫সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এর সময়সীমার মধ্যে সমস্যার সমাধান না হলে চাষিরা সংকটে পড়বেন। আমরা সমিতির পরিচালক হিসেবে এনিয়ে সমস্যার মধ্যে পড়েছি। অবিলম্বে প্রশাসন ও কৃষিদপ্তর বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করুক। কৃষিদপ্তরের জেলা উপ অধিকর্তা(প্রশাসন) সুকান্ত সিংহরায় এব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।