সংবাদদাতা, উলুবেড়িয়া: দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। সেই মতো শনিবার উলুবেড়িয়া ১ ব্লকের বেশ কয়েকটি বুথে ভোটার তালিকা সংশোধনের কাজ সরেজমিনে দেখলেন রাজ্য নির্বাচন দপ্তরের উপ মুখ্য নির্বাচন আধিকারিক সুব্রত পাল। এদিন সংশোধনের কাজ খতিয়ে দেখার পাশাপাশি তিনি উলুবেড়িয়ার মহকুমা শাসকের সঙ্গে বৈঠকও করেন। মহকুমা শাসক মানসকুমার মণ্ডল বলেন, উপ মুখ্য নির্বাচন আধিকারিক ভোটার তালিকা সংশোধনের কাজে সন্তোষ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, গত ১২ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। চলবে আগামী ১২ ডিসেম্বর পযর্ন্ত।



