Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিতের মাটি চাপা  পড়ে মৃত শ্রমিক

ভিতের মাটি চাপা  পড়ে মৃত শ্রমিক
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: বাড়ি তৈরির কাজ করার সময় ভিতের মাটি চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুজয় মণ্ডল (১৯)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার প্রতাপগড় এলাকায়। জানা গিয়েছে, বনগাঁর ঢোঁড়ামারি গ্রামের বাসিন্দা সুজয় এদিন সকালে মা-বাবার সঙ্গে কাজে এসেছিলেন। প্রতাপগড় এলাকায় একটি বহুতল নির্মাণের জন্য মাটি খনন চলছিল। সেই সময় বিশাল এক মাটির চাঁই তাঁর গায়ের উপর ভেঙে পড়ে। তাঁর বাবা-মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। মাটি সরিয়ে সুজয়কে উদ্ধার করে পাশেই বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় জমির মালিক মিন্টু দত্তকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিস। জানা গিয়েছে, জনবহুল এলাকায় প্রায় ১০ ফুটের বেশি গভীর গর্ত করে ভিত তৈরির কাজ করছিলেন জমির মালিক। এনিয়ে নভেম্বরের ২৮ তারিখে বনগাঁ পুরসভায় একটি অভিযোগ করেন স্থানীয় এক বাসিন্দা। যদিও পুরসভা সূত্রে জানা গিয়েছে, জমির মালিক পুরসভার অনুমতি নিয়েই কাজ করছিলেন। তবুও এদিন ঘটনার পর পুর আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখেছেন। কাজে বেআইনি কিছুর প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ