Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের দিকে তাকিয়ে বছর খানেক আগেই ময়দানে নেমে পড়ল তৃণমূল

নজরে ২৬-র বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে রাজ্যের শাসকদল পথ চলা শুরু করেছে। যদিও নির্বাচনের এখনও অনেক সময় রয়েছে। এখনও নির্বাচনের ঢাকেই কাঠি পড়েনি। তবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এক মুহূর্ত সময়ও নষ্ট করতে নারাজ

ভোটের দিকে তাকিয়ে বছর খানেক আগেই ময়দানে নেমে পড়ল তৃণমূল
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নজরে ২৬-র বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে রাজ্যের শাসকদল পথ চলা শুরু করেছে। যদিও নির্বাচনের এখনও অনেক সময় রয়েছে। এখনও নির্বাচনের ঢাকেই কাঠি পড়েনি। তবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এক মুহূর্ত সময়ও নষ্ট করতে নারাজ। আর তাই প্রায় এক বছর আগে থেকেই ভোট ময়দানের জমি শক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। শুরুতেই দলের তরফে নিচুতলার ভালো নেতা-কর্মীদের প্রতি নজর দেওয়া হচ্ছে। সেইসঙ্গে পুরনো অর্থাত্ পোড় খাওয়া নেতা-কর্মীদের চাঙ্গা করার ভাবনাও নেওয়া হয়েছে। দলে থেকেও নানা কারণে ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের চেনা ছন্দে ফিরিয়ে আনা হবে। একটা সময় যাদের হাত ধরে দলের কোমর শক্ত হয়েছে তাঁদের যথাযোগ্য সম্মান দেওয়া হবে। প্রয়োজন ও গুরুত্ব অনুসারে তাঁদের নতুন করে দায়িত্ব দেওয়ার ভাবনাও রয়েছে। পিছন থেকে একবারে সামনের সারিতেও নিয়ে আসা হতে পারে। পাশাপাশি সাংগঠনিকভাবে দক্ষ নবীনদের হাতেও ভোট বৈতরণীর বৈঠা তুলে দেওয়া হতে পারে। মূলত তৃণমূল স্তর থেকে দলের ভিত আরও মজবুত করাই এর লক্ষ্য।
Advertisement
গোটা রাজ্যের নিরিখে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী। বিগত দিনের নির্বাচনে তার প্রতিফলও দেখা গিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বীরভূম প্রায় বিরোধী শূন্য হয়ে গিয়েছে। ২৬-র নির্বাচনেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে কোনও কসুর রাখতে চাইছে না। সেক্ষেত্রে এখন থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছে। দলের সুপ্রিমো সহ জেলা সভাপতির নির্দেশে বুথ ও অঞ্চল স্তর থেকে কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে অঞ্চল ভিত্তিক সম্মেলনে জোর দেওয়া হয়েছে। স্থানীয় বিধায়কদের উপস্থিতিতে সেই সম্মেলন চলবে। সেখানে বুথ স্তরের নেতা-কর্মীদেরও স্থান হবে। সেইসঙ্গে প্রতিটি সম্মেলনেই দলের পুরনো কর্মীদের হাজির করানোর নির্দেশ জারি হয়েছে। ২৬-র নির্বাচনের দায়িত্ব ওই কর্মীদের কাঁধেও তুলে দেওয়া হবে। নির্বাচনকে পাখির চোখ করে তাঁদের কী করণীয় তাও স্পষ্ট করে দেওয়া হবে। দলে নবাগতরাও বাদ যাবে না। এককথায় নবীন-প্রবীণের হাত ধরে শাসকদল ভোট যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে।
দলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, দলনেত্রী ও জেলা সভাপতির নির্দেশে কাজ চলছে। বুথ ও অঞ্চল স্তরে পর্যালোচনা করা হবে। সেইসঙ্গে পিছিয়ে থাকা ভালো নেতা-কর্মীদের সামনের সারিতে তুলে আনা হবে। তাঁদের দায়িত্বও দেওয়া হবে। নবীন ও প্রবীণ সকলকে নিয়ে পথ চলব। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ