নিজস্ব প্রতিনিধি, বধর্মান: ভাতারে অন্যের নামে অ্যাকাউন্ট খুলে টাকা লেনদেনের ঘটনায় মূলচক্রীর খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছে। সে ভিনরাজ্যে রয়েছে বলে পুলিসের অনুমান। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যাঙ্ক ম্যানেজার তাকে সহযোগিতা করেছিল। অন্যের নামে খোলা অ্যাকাউন্টগুলি থেকে প্রায় এক কোটি টাকা লেনদেন হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ডিএসপি(ক্রাইম) সুরজিৎ মণ্ডল বলেন, তদন্ত এখনও অনেকটাই বাকি রয়েছে। জানা গিয়েছে, ভাতারের বেসরকারি ব্যাঙ্কের এক ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকদের নথি নিয়ে অ্যাকাউন্ট খোলার অভিযোগ ওঠে। গ্রাহকদের অজান্তেই ওই অ্যাকাউন্টগুলি থেকে মোটা অঙ্কের টাকা লেনদন হয়। এক গ্রাহক বিষয়টি জানার পর থানায় অভিযোগ করে। পুলিস তদন্তে নেমে ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেপ্তার করেছে।



