মুম্বই: বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে তত্পর পুলিস। রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর শুধুমাত্র নাসিকেই নগদ, মদ ও সোনা মিলিয়ে মোট ৪৯ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৭ হাজার মানুষের বিরুদ্ধে বিভিন্ন আইনে পদক্ষেপ করা হয়েছে। নাসিক রেঞ্জের আইজি (স্পেশাল) দত্তাত্রেয় কারালে জানিয়েছেন, ১৫ অক্টোবর থেকে রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। তারপর থেকে হিসেব বহির্ভূত ৬ কোটি ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ৩ কোটি টাকা মুল্যের গাঁজা ও গুটকা, সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের মদ ও ৩৪ কোটি টাকার সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে।
Advertisement
আইজি জানান, ২০ নভেম্বর বিধানসভা নির্বাচনের জন্য ৮৪ প্লাটুন সিআরপিএফ জওয়ান রাজ্যে মোতায়েন করা হয়েছে। মধ্যপ্রদেশ ও গুজরাত সীমানা এলাকায় সমাজবিরোধী ও দুষ্কৃতীদের দিকে নজর রাখা হচ্ছে। দত্তাত্রেয় বলেন, ‘দুই রাজ্যের সীমানায় অন্তত ৩৮টি চেক পোস্ট তৈরি করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে দুই রাজ্যের পুলিসের শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। যৌথ অভিযানে আট থেকে দশজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, অন্তত ৭৫ শতাংশ পুলিসকর্মী যাতে ভোট দিতে পারেন, তার চেষ্টা করা হচ্ছে।



