নয়াদিল্লি: ভোটের বৈদুতিন নথি প্রকাশে বিধিনিষেধ নিয়ে এবার কেন্দ্র ও নির্বাচন কমিশনের জবাব তলব করল শীর্ষ আদালত। এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি জানান, সম্প্রতি নির্বাচনী বিধিতে সংশোধনী করা হয়েছে। তার জেরে বুথের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ভোট সম্পর্কিত নথিপত্র দেখার ক্ষেত্রে লাগাম টানা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ আর সেগুলি দেখতে পাবেন না। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানে পুরনো নিয়ম জানতে চান বিচারপতিরা। জবাবে রমেশের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভি জানান, খুব ভাবনা-চিন্তা করেই সংশোধনী আনা হয়েছে। আসলে এই নিয়ে তেমন কোনও বিধি নেই। এরপরই হ্যান্ডবুকে উল্লিখিত নিয়ম জানতে চায় সুপ্রিম কোর্ট। তখনই ১৭সি ফর্মের প্রসঙ্গ ওঠে। এদিন সওয়াল জবাবের পর কেন্দ্র ও কমিশনকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১৭ মার্চের পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।



