Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাতা না পেয়ে পুরকর্মীদের কর্মবিরতি, জ্বলল না পথবাতি

ভাতা না পেয়ে পুরকর্মীদের কর্মবিরতি, জ্বলল না পথবাতি
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া পুরসভার বিস্তীর্ণ এলাকায় সোমবার রাতে পথবাতি জ্বলল না। পুরসভার অস্থায়ী কর্মীদের আচমকা কর্মবিরতি জেরে ওই ঘটনা ঘটেছে। কর্মীদের অভিযোগ, গত দু’মাস ধরে তাঁদের ভাতা দেওয়া হয়নি। এমনকী পুরকর্তাদের তরফে কোনও সদুত্তরও মেলেনি। সেই কারণেই কর্মবিরতি শুরু করা হয়েছে। এদিকে, সোমবার দুপুর থেকে পুরসভায় বিক্ষোভ শুরু করেন জল সরবরাহ দপ্তরের অস্থায়ী কর্মীরা। পরে তাঁরা পুরসভার চেয়ারম্যান অমিত রায়কে ঘেরাও করেন। সন্ধে পর্যন্ত পুরসভার উত্তেজনা ছিল। রাতে ঘেরাও তোলা হলেও জল সরবরাহ দপ্তরের কর্মীরাও কর্মবিরতি করবেন বলে জানিয়েছেন। ফলে, আজ মঙ্গলবার শহরে পুরসভার জল সরবরাহ বিঘ্নিত হতে পারে। প্রসঙ্গত, পুরসভার অস্থায়ী কর্মীদের ভাতা নিয়ে গত দু’বছর ধরে লাগাতার ডামাডোল চলছে। কর্মী বনাম পুরকর্তাদের বিরোধের জেরে শহরে নানা সময়ে নাগরিক পরিষেবা সঙ্কটে পড়েছে। এদিন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য জয়দেব অধিকারী বলেন, কর্মীরা ভাতা না পেলে কাজ কেন করবেন? দু’মাসের ভাতা বাকি আছে। কিছু জায়গায় স্থায়ী কর্মীদের দিয়ে কাজ করানো হয়েছে। সর্বত্র তা করানো যায়নি। ফলে, পথবাতি বা সাফাইয়ের মতো পরিষেবা বিঘ্নিত হয়েছে। পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, আমরা সমস্যা সমাধানের প্রয়াস করছি। কিন্তু সবসময়ে সাফল্য মিলছে না। প্রচুর অস্থায়ী কর্মী পুরসভায় রয়েছেন। তাঁর দাবি, আজ মঙ্গলবার ভাতার টাকা দিয়ে দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ