Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভোট কাটাকটি, আসন না পেলেও বিজেপির সুবিধা করে দিল ওয়েসির ‘মিম’

ভোট কাটাকটি, আসন না পেলেও বিজেপির সুবিধা করে দিল ওয়েসির ‘মিম’
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: দিল্লিতে কংগ্রেস ও আম আদমি পার্টির ভোট কাটাকাটির সুফল যে বিজেপি পেয়েছে, তা ইতিমধ্যেই স্পষ্ট। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে,অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধীরা যদি আসন সমঝোতা করতেন, মহাজোট ‘ইন্ডিয়া’ হিসেবে ভোটের ময়দানে নামতেন, তাহলে বিজেপি হয়তো সংখ্যাগরিষ্ঠতা পেত না। এর পাশাপাশি পদ্ম শিবিরের জয়ের নেপথ্যে ‘হায়দরাবাদ ফ্যাক্টর’-এর কথাও উঠে আসছে। দিল্লি বিধানসভা নির্বাচনে দু’টি আসনে প্রার্থী দিয়েছিল আসাদউদ্দিন ওয়েসির দল এআইএমআইএম বা মিম। কোনও জয় না পেলেও প্রচুর ভোট কেটেছেন দলের দুই প্রার্থী। মিমের ভোট কাটার ফলেই মুস্তাফাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত আসনেও জয় পেয়েছে বিজেপি।
Advertisement
মুস্তাফাবাদ ও ওখলা—এই দুই আসনে প্রার্থী দিয়েছিল ওয়েসির দল। ওখলা থেকে লড়াই করেন শিফাউর রহমান, মুস্তাফাবাদ থেকে প্রার্থী হন মুস্তাফাবাদ। দু’জনেই ২০২০ সালে দিল্লি দাঙ্গায় অভিযুক্ত হিসেবে এখন জেলবন্দি। অন্তর্বর্তী জামিন পেয়ে ভোটে লড়েন। ওখলা থেকে আপ প্রার্থী তথা গতবারের বিধায়ক আমানাতুল্লা খান জিতেছেন। তবে গতবারের থেকে ৫০ হাজার ভোট কম পেয়েছেন তিনি। সেখানে শিফাউর ৩৯ হাজারের বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে, মুস্তাফাবাদ আসনে ৪০ শতাংশের বেশি সংখ্যালঘু ভোট। সেখানে ১৭ হাজার ৫৭৮ ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপির মোহন সিং বিস্ট। আপ প্রার্থী আদিল আহমেদ খান পেয়েছেন ৬৭ হাজার ৬৩৭টি ভোট। অন্যদিকে, মিম প্রার্থী তাহির হুসেন পেয়েছেন ৩৩ হাজার ৪৭৪ ভোট। আর কংগ্রেসের আলি মেহদি পেয়েছেন ১১,৭৬৩ ভোট। ফলাফলে স্পষ্ট, মিমের ভোট কাটাকাটির সুবিধা না পেলে এমন একটি আসনে বিজেপির জয় পাওয়া সম্ভব ছিল না।
মুস্তাফাবাদে জয়ী বিজেপি প্রার্থী বিস্ট ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত কারাওয়াল নগর আসনে বিধায়ক ছিলেন। ২০১৫ সালে তত্কালীন আপ নেতা কপিল মিশ্র তাঁকে হারিয়ে দেন। পরে কপিল আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০২০ সালের নির্বাচনে ফের কারাওয়াল নগরে জয় পান বিস্ট। এবারও ওই আসনেই প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিজেপি কপিলকেই ফের কারাওয়াল নগরের প্রার্থী করে। সেই সময় বিস্ট প্রকাশ্যেই জানিয়েছিলেন, বিজেপি ভুল করছে। তাঁকে শান্ত করতে মুস্তাফাবাদ আসনের টিকিট দেয় দল। শেষ মুহূর্তের সেই ফাটকায় আদতে লাভবানই হল পদ্ম শিবির।
Advertisement
সম্পর্কিত সংবাদ