নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটজয়ের সবথেকে জনপ্রিয় এবং পরীক্ষিত পন্থাকেই আবার দিল্লির সরকার গঠনের চাবিকাঠি করতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বিধানসভা ভোট ফেব্রুয়ারি মাসে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হওয়ার পর একের পর এক রাজ্যে তাঁর দলকে তিনি জয়ী করতে সমর্থ হলেও দিল্লি অধরা থেকে গিয়েছে বাংলারই মতো। এবারও যদি তিনি দিল্লির সরকার গঠন করতে ব্যর্থ হন, তাহলে তাঁর প্রধানমন্ত্রী থাকাকালীন আর কোনও সুযোগ সম্ভবত আসবে না। একমাত্র যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হয়, তাহলে ২০২৯ সালে আবার দিল্লির নির্বাচন হবে লোকসভার সঙ্গে। অরবিন্দ কেজরিওয়াল জয়ের পথ প্রশস্ত করতে বৃহস্পতিবার মহিলা সম্মান যোজনা ঘোষণা করলেন। আজ থেকেই যার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। দিল্লির বাসিন্দা প্রত্যেক ১৮ বছরের বেশি বয়সি নারীকে দেওয়া হবে মাসে এক হাজার টাকা করে। কেজরিওয়াল একইসঙ্গে ঘোষণা করেছেন, তিনি যদি আবার ক্ষমতায় ফেরেন, তাহলে নতুন সরকার গঠন করার পর এই অঙ্ক বেড়ে হবে ২১০০ টাকা। অর্থাৎ কেজরিওয়াল যদি পুনরায় মুখ্যমন্ত্রী হন, তাহলে ২১০০ টাকা করে মহিলাদের ব্যাঙ্কে পাঠানো হবে। বিগত নির্বাচনগুলিতে কেজরিওয়াল কখনও বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে করেছেন, কখনও বিদ্যুৎ ও জল একটি নির্দিষ্ট ইউনিট পর্যন্ত বিনামূল্যে করেছেন। এবার বাংলার লক্ষ্মীর ভাণ্ডার। কেজরিওয়ালের এই ঘোষণায় বিজেপি বিপাকে। কারণ এই প্রকল্পের বিরোধিতা করে বিজেপি যদি প্রচার শুরু করে তাহলে কেজরিওয়াল বলার সুযোগ পাবেন, বিজেপি ক্ষমতায় এলে এই টাকা পাওয়া যাবে না। বিজেপি এই প্রকল্প সমর্থন করছে না। হুবহু এই প্রকল্পে ভর করেই মহারাষ্ট্রে বিজেপি সদ্য জয়ী হয়েছে। আবার ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের কাছে এই প্রকল্পের কারণেই পরাজিত হয়েছেন মোদি। তাই উভয় সঙ্কট বিজেপি।
Advertisement
লোকসভা ভোটের ৮ মাসের মাথায় বিগত ১০ বছর ধরেই হয়ে চলেছে দিল্লির বিধানসভার ভোট। এই ১০ বছর ধরেই একটি প্রবণতা দেখা গিয়েছে। লোকসভায় বিজেপি একচ্ছত্রভাবে জয়ী হয় সাতটি লোকসভা আসনে। আর বিধানসভায় বিপর্যস্ত হয়। তার থেকেও যা অস্বস্তির সেটি হল, বিজেপি ২৭ বছর ধরে দিল্লির ক্ষমতার বাইরে। শেষ মু্খ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তারপর ১৫ বছর ধরে কংগ্রেসের শীলা দীক্ষিতের সরকার চলেছে। তারপর থেকে কেজরিওয়াল। বিজেপির আর ক্ষমতায় আসা হচ্ছে না দিল্লিতে। এবার ভোটের প্রাক্কালে কেজরিওয়ালের ভোটজয়ের ফ্যাক্টর কি হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার?



