সংবাদদাতা, বসিরহাট: প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গ্রামবাসীদের। তাঁদের মূল অভিযোগ, স্কুলে সরকারি নিয়মের বেশি ভর্তির ফি নেওয়া হচ্ছে। এছাড়াও মিড ডে মিলের চাল, ডাল, সব্জি সহ অন্যান্য রান্নার সামগ্রীও চুরি হচ্ছে বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। ঘটনাটি হাসনাবাদের গাড়াকপি হাই স্কুলের। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান শিক্ষক নির্মলেন্দু মাহাত স্কুলে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের থেকে বেশি টাকা ফি হিসেবে নিচ্ছেন। এনিয়ে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দা ও ছাত্র-ছাত্রীরা। স্কুলের এক ছাত্র মাতিন গাজি বলে, গ্রাম এলাকায় এই স্কুলে বেশিরভাগই গরিব পরিবারের ছেলেমেয়েরা আসে। এত টাকা স্কুলের ভর্তি ফি দেওয়ার সামর্থ্য নেই তাদের। যদিও প্রধান শিক্ষক নির্মলেন্দু মাহাত বলেন, আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে কে বা কারা ছাত্র-ছাত্রীদের কাছে ভর্তি ফি বেশি চেয়েছেন, তা খোঁজখবর নিয়ে দেখব।



