হায়দরাবাদ: আদতে তিনি জার্মান নাগরিক। কিন্তু ভুয়ো নথি দাখিল করে তেলেঙ্গানা বিধানসভার তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। এজন্য প্রাক্তন বিআরএস নেতা চেন্নামানেনি রমেশকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল তেলেঙ্গানা হাইকোর্ট। তাঁর নাগরিকত্ব সংক্রান্ত মামলাটি করেছিলেন ভেমুলাওয়াড়া কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আদি শ্রীনিবাস। সেই শ্রীনিবাসকে জরিমানার ২৫ লক্ষ টাকা দিতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে। বাকি ৫ লক্ষ টাকা জমা থাকবে লিগাল সার্ভিস অথরিটির কাছে। আদালতের রায়ে উল্লসিত শ্রীনিবাস এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বড় ধাক্কা খেলেন প্রাক্তন বিধায়ক রমেশ। জার্মান নাগরিক হওয়া সত্ত্বেও ভুয়ো নথি দাখিলের জন্য তাঁকে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে আদালত।’
Advertisement
ভেমুলাওয়াড়া কেন্দ্রে রমেশ মোট চারবার বিধায়ক নির্বাচিত হন। ২০০৯ সালে প্রথমবার অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বিধায়ক হয়েছিলেন টিডিপির টিকিটে। তারপর তিনবার বিআরএসের হয়ে তেলেঙ্গানা বিধানসভায় নির্বাচিত হন তিনি। ২০২৩ সালে ওই আসনে কংগ্রেস প্রার্থী শ্রীনিবাসের কাছে হেরে গিয়েছিলেন তিনি। ২০২০ সাল নাগাদ তাঁর নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কটি সামনে আসে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, রমেশের জার্মান পাসপোর্ট রয়েছে। এই পাসপোর্টের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত। তাই রমেশের ভারতীয় নাগরিকত্ব বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে কেন্দ্র জানায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তেলেঙ্গানা হাইকোর্টে মামলা করেন রমেশ। জার্মান পাসপোর্ট তিনি সঁপে দিয়েছেন বলে দাবি করেন। হাইকোর্টের পক্ষ থেকে তাঁর দাবি সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়। তবে সেই নথি তিনি দেখাতে পারেননি। শেষপর্যন্ত তাঁকে জরিমানা করল তেলেঙ্গানা হাইকোর্ট।



