Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভারতের বিভিন্ন জেলে ফাঁসির সাজাপ্রাপ্ত ৫৬১ আসামি বন্দি

ভারতের বিভিন্ন জেলে ফাঁসির সাজাপ্রাপ্ত ৫৬১ আসামি বন্দি
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: বর্তমানে ভারতে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ৫৬১। গত দু’দশকের মধ্যে এই প্রথম ভারতে এত সংখ্যাক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন রাজ্যের জেলে বন্দি রয়েছে। এর মধ্যে শুধু ২০২৩ সালেই ১২০ জন আসামিকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। আর জি কর মামলার রায়ের আবহেই এমন তথ্য সামনে এল। জাতীয় আইন বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ‘ডেথ পেনাল্টি ইন্ডিয়া: অ্যানুয়াল স্ট্যাটিস্টিক্স রিপোর্ট’-এই এসব তথ্য উঠে এসেছে। ৫৬১ জনের মধ্যে ৪৮৮ জন আসামি হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে মাত্র একটি ফাঁসির সাজা কার্যকর হয়েছে। যা ২০০০ সালের পর সর্বনিম্ন। ২০২৩ সালে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের একটি মামলায় আসামির প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছিলেন রাষ্ট্রপতি।
Advertisement
ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে যে ১২০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে ৩৩ জন আসামিকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে ১২ জনকে, হরিয়ানা, গুজরাত ও মধ্যপ্রদেশে ১১ জন করে এবং পশ্চিমবঙ্গে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ১১৯ জন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। ফাঁসির আসামি ৭২ জন। তৃতীয় মহারাষ্ট্রে রয়েছে ৪১ জন। পশ্চিমবঙ্গে রয়েছে ২১ জন। মৃত্যুদণ্ডের মামলাগুলির মধ্যে ৬৪টিই যৌন নির্যাতন সংক্রান্ত।
সম্পর্কিত সংবাদ