সংবাদদাতা, কান্দি: কাজের জায়গায় পৌঁছতে দেরী হয়ে যাবে। তাই দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বুধবার সকালের ওই ঘটনা ভরতপুর লোহাদহঘাট গ্রামীণ সড়কের ভরতপুর থানার খয়রাগ্রামের কাছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম আশরাফুল শেখ (২৪)। তিনি লোহাদহ গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনায় ভরতপুর থানার পুলিস বাইকটি আটক করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি এক ঠিকাদারের অধীনে একটি নির্মীয়মাণ বাড়ির কাজ করছিলেন। কিন্তু এদিন ঘুম থেকে উঠতেই তাঁর দেরী হয়ে গিয়েছিল। এরপর সকাল নয়টা নাগাদ বাড়ি থেকে কাজের জায়গায় রওনা দেন। কিন্তু বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার আসার পরেই বাইক দুর্ঘটনায় মারা যান তিনি। ভরতপুর থানার পুলিসের অনুমান, দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে যুবক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়নজুলিতে পড়ে যান। তাঁর মাথায় হেলমেটও ছিল না। শক্ত কিছুর ধাক্কা লাগার কারণে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের মা রাজবানু বিবি বলেন, দেরী হওয়ার জন্য আজ ছেলেকে কাজে যেতে বারণ করেছিলাম। কিন্তু ছেলে বারণ না শুনে বলে একজনকে কথা দিয়ে রেখেছি, কাজে যেতেই হবে। ছেলে ব্যস্ততার সঙ্গে বাইকে চড়ছিল। আমি তাঁকে আস্তে বাইক চালানোর কথাও বলি। এরপর সকাল নয়টা নাগাদ ছেলের মৃত্যু সংবাদ পাই। একমাত্র ছেলেকে হারিয়ে আমার সব শেষ হয়ে গেল।



