Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারত থেকে দেড় লক্ষ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

ভারত থেকে দেড় লক্ষ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি ও ঢাকা: শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। সম্প্রতি খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়েও সংঘাত সামনে এসেছে। তার মধ্যেই ভারত থেকে ১ লক্ষ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। ভারতের নুমালিগড় তেল শোধনাগার থেকে ওই ডিজেল বাংলাদেশে পাঠানো হবে। সম্প্রতি বিপিসির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই ডিজেল রপ্তানি করা হবে। এর জন্য বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৩৭ কোটি টাকা খরচ হবে। চলতি বছরে বিপিসির মোট পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লক্ষ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লক্ষ মেট্রিক টন ডিজেল। এই ডিজেলের মধ্যে ৮০ শতাংশই অন্য দেশ থেকে আমদানি করে ঢাকা। এর আগে ভারত থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। এদিকে, বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপর ফের চাপ বাড়াল বিএনপি। মঙ্গলবার দলের দুই শীর্ষ নেতা আলাদা দুই অনুষ্ঠানে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিন ঘোষণা দাবি করেছেন। মঙ্গলবার সকালে রাজশাহী শহরে এক কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, ‘সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত নয়। আমরা সংকটের পথে হাঁটছি। তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।’ অন্যদিকে, চলতি বছরের জুলাই মাসেই নির্বাচন আয়োজন করা সম্ভব বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন ঢাকার গুলশনে এক অনুষ্ঠানে তিনি জানান, নির্বাচন কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে, তাই নির্বাচনে দেরি হওয়ার কোনও কারণ নেই। নির্বাচনে দেরি হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমশ বৃদ্ধি পাবে। সাধারণ নির্বাচনের আগে স্থানীয়স্তরের নির্বাচন আয়োজনের বিষয়টিকেও খারিজ করে দিয়েছেন তিনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ