Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভারতে ফেরানো হল লস্কর জঙ্গি সলমন রেহমান খানকে

ভারতে ফেরানো হল লস্কর জঙ্গি সলমন রেহমান খানকে
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি (পিটিআই): জারি হয়েছিল ইন্টারপোলের রেড কর্নার নোটিস। তার ভিত্তিতে কুখ্যাত লস্কর-ই-তোইবা জঙ্গিকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিল রোয়ান্ডা। সলমন রেহমান খান নামে ওই জঙ্গির প্রত্যর্পণ নিশ্চিত করতে পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেছে এনআইএ, সিবিআই এবং ইন্টারপোল। বৃহস্পতিবার সরকারি সূত্রে একথা জানানো হয়েছে।
Advertisement
এদিন গোয়েন্দা সংস্থা সূত্রে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন লস্করের সদস্য সলমন বেঙ্গালুরুতে জঙ্গি কাজকর্মে মদত দিতে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকের জোগান দিয়েছিল। সিবিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত থাকার অপরাধে এনআইএর দায়ের করা মামলায় সলমন ওয়ান্টেড ছিল। 
বেঙ্গালুরুতে সন্ত্রাস ছড়ানোর ছক কষার অভিযোগে ২০২৩ সালে মামলা দায়ের করেছিল এনআইএ। বেঙ্গালুরুর হেব্বাল থানাতেও একটি এফআইআর দায়ের হয়েছিল। একটি পকসো মামলায় ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সাজা হয়েছিল সলমনের। বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে থাকাকালীন সেখানে সন্ত্রাসের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি টি নাসিরের সঙ্গে পরিচয় হয় তার। জেলে নাসিরই মগজধোলাই দেয় সলমনের। জেল থেকে বেরিয়ে সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িয়ে পড়ে সে। অন্যান্য জঙ্গিদের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক জোগান দিতে শুরু করে। অন্যদিকে জেল থেকে আদালতে পেশের সময় মাঝরাস্তা থেকে পালিয়ে যায় নাসির। পরে দেশ ছেড়ে বেরিয়ে যায়। এই জঙ্গি মডিউল গোয়েন্দাদের নজরে আসে। কিন্তু তার আগেই দেশ ছেড়ে পালায় সলমনও।
সন্ত্রাস দমন আইনে সলমনের বিরুদ্ধে চাজশিট পেশ করেছিল এনআইএ। আদালত তাকে ফেরার ঘোষণা করে। এরপর এনআইএর অনুরোধে এই লস্কর জঙ্গির বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিস জারির ব্যবস্থা করে সিবিআই। ২০২৪ সালের ২ আগস্ট সেই রেড কর্নার নোটিস জারি হয়। তার ভিত্তিতে রোয়ান্ডার নিরাপত্তা বাহিনী সলমনকে গ্রেপ্তার করে। এদিন সকালে তাকে ভারতে ফিরিয়ে আনা হল।
সম্পর্কিত সংবাদ