সংবাদদাতা, বহরমপুর: বহরমপুর রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে চলছে তিনদিনের রায়বেঁশে নৃত্যের কর্মশালা ও অনুষ্ঠান। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ও মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় মঙ্গলবার থেকে কর্মশালা শুরু হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব বর্ধমানের মোট ১৬টি রায়বেঁশে দল কর্মশালায় অংশ নিয়েছে। বহরমপুর সদর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুবীর সরকার বলেন, রায়বেঁশে নৃত্যের প্রসারের উদ্যোগেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেককে শংসাপত্র দেওয়া হবে।
Advertisement
মুর্শিদাবাদ জেলায় অন্যতম লোকসংস্কৃতি রায়বেঁশে নৃত্য অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই জেলার বহু রায়বেঁশে নৃত্যশিল্পীর বিভিন্ন দেশে রায়বেঁশে পরিবেশনের অভিজ্ঞতা রয়েছে। শিল্পকে আরও উৎকর্ষ করে তুলতে বহরমপুরে প্রায় ৩০০ জন শিল্পীকে হাজির করে কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিন মঙ্গলবার মুর্শিদাবাদের তিনটি ও বীরভূমের তিনটি দল অংশ নিয়েছিল। পরদিন মুর্শিদাবাদের তিনটি ও বীরভূম ও পূর্ব বর্ধমানের একটি করে দল অংশ নিয়েছিল। বৃহস্পতিবার কর্মশালার শেষদিন মুর্শিদাবাদের চারটি ও পূর্ব বর্ধমানের দু’টি দল অংশ নেবে। রায়বেঁশে শিল্পীদের দাবি, কর্মশালায় অংশ নিয়ে তাঁরা বিভিন্নভাবে সমৃদ্ধ হয়েছেন। এমন কর্মশালার আয়োজন করা হলে রায়বেঁশে নৃত্যের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। বর্তমান রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় রায়বেঁশে শিল্প টিকে রয়েছে।



