নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে বহরমপুর থেকে বর্ধমান পর্যন্ত বাস পরিষেবা চালু হল। বাসটি কান্দি, কুলি ও ফুটিসাঁকো হয়ে বর্ধমান পৌঁছবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার স্ট্যান্ডে বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ আবু তাহের খান, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) দীননারায়ণ ঘোষ, বহরমপুর সদরের মহকুমা শাসক শুভঙ্কর রায় প্রমুখ।প্রতিদিনই বহরমপুর থেকে বহু মানুষ খাগড়াঘাট স্টেশন হয়ে কাটোয়া জংশন পর্যন্ত যান। সেখান থেকে ট্রেনে বর্ধমান পৌঁছন। দু’বার ট্রেন বদলে যাতায়াত করতে অনেকেরই সমস্যা হতো। এই বাসে কম সময়ে সরাসরি বর্ধমান পৌঁছতে পারবে সাধারণ মানুষ।



