Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিহার থেকে চুরির ট্রাকে নকল নম্বর প্লেট লাগানোর সময় ধৃত ৩

বিহার থেকে চুরির ট্রাকে নকল নম্বর প্লেট লাগানোর সময় ধৃত ৩
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: চুরি করা ট্রাকে নকল নম্বর প্লেট লাগানোর সময় শুক্রবার  তিনজনকে হাতেনাতে ধরল কাঁকসা থানার পুলিস। ধৃতদের নাম সনু জয়সওয়াল, অঙ্গদ জয়সওয়াল ও গৌতম কুমার। তারা পানাগড়ের বাসিন্দা। শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বিহারের আড়া এলাকা থেকে ওই ট্রাকটি চুরি করে পানাগড়ে নিয়ে আসা হয়। পানাগড় বাইপাসের ধারে ওই ট্রাকের নম্বর ও চেচিস নম্বর বদল করা হচ্ছিল। সেই খবর পেয়ে কাঁকসা থানার পুলিস ওখানে হানা দেয়। হাতেনাতে তিনজনকে ধরা হয়।
প্রসঙ্গত, দার্জিলিং মোড় থেকে পানাগড় বাজারের পুরনো জাতীয় সড়কের দু’পাশে বহু গাড়ি সারাইয়ের দোকান রয়েছে। ওখানে গাড়ি কাটাই থেকে মেরামত বিভিন্ন কাজের জন্য নাম রয়েছে এলাকার কাবাড়ি পট্টির। ওই ট্রাকের নম্বর বদল করে কী কাজে লাগানো হতো, তা নিয়ে প্রশ্ন উঠছে। এবিষয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ সিং বলেন, গাড়ি কাটাই করাতে এলে তার সমস্ত কাগজপত্র দেখা হয়। কিন্তু, গাড়ির কাজ করাতে এলে তার নথি দেখতে চাওয়া হয় না। বিষয়টি নিয়ে পুলিসের সঙ্গে কথা বলা হবে। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলা ছাড়াও রাজ্য এবং ভিন রাজ্যের বিভিন্ন আকারের গাড়ি নিয়মিত পানাগড়ের এই বাজারে নিয়ে আসা হয়। সেখানে গাড়ির নতুন রূপ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করা হয়। কখনও গাড়ি সম্পূর্ণ কাটাই করে বিক্রি করা হয়। পুলিস জানিয়েছে, জেরায় এক অভিযুক্ত স্বীকার করেছে, বিহার থেকে ট্রাকটি নিয়ে এসে নম্বর পরিবর্তন করে সোনুকে বিক্রি করা হয়েছিল। মোট ৪ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয় ওই ট্রাকটি। তারপর চেচিস নম্বরও পরিবর্তন করা হয়। 
তবে এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি নেতা রমন শর্মা বলেন, শাসক দলের মদত ছাড়া এই কাজ সম্ভব নয়। তৃণমূল নেতা সন্দীপ রিঙ্কু মহাল বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। থানায় জানানো হয়েছে। পুলিস অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। আমরা চাই উপযুক্ত শাস্তি হোক।
Advertisement
সম্পর্কিত সংবাদ