Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভরা সভায় উঠল পরিশ্রুত পানীয় জলের দাবি, শুনলেন কাউন্সিলার

ভরা সভায় উঠল পরিশ্রুত পানীয় জলের দাবি, শুনলেন কাউন্সিলার
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্য কোনও সমস্যা নেই। শুধু পর্যাপ্ত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করুন। ভরা সভায় কাউন্সিলার, বিধায়কের কাছে দাবি হালতু, কায়স্থপাড়া, মন্দিরপাড়া (অভিষিক্তা), পূর্বাচল এলাকার বাসিন্দাদের। শনিবার সন্ধ্যায় জনপ্রতিনিধিদের তিন বছরের কাজকর্মের খতিয়ান এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে এলাকাবাসীদের সঙ্গে আলোচনা সভার আয়োজন হয়েছিল ১০৬ নম্বর ওয়ার্ডের পূর্বাচল শক্তি সঙ্ঘ সাংস্কৃতিক মঞ্চে। সেখানেই পানীয় জলের দাবি একাধিকবার শুনতে হয়েছে জনপ্রতিনিধিকে। কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুর বলেছেন, ‘সমস্যা তো অবশ্যই রয়েছে। তবে বাসিন্দাদের বলেছি বছর খানেকের মধ্যে সমস্যা আশা করি মিটে যাবে।’ এর পাশাপাশি, পূর্বাচল মেইন রোড, পি মজুমদার রোড সহ ওয়ার্ডের কয়েকটি রাস্তায় বেআইনিভাবে পার্কিং নিয়েও সভায় অভিযোগ জানান নাগরিকরা। সেই সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন কাউন্সিলার।
Advertisement
কাউন্সিলার হিসেবে তিন বছর পূর্তি উপলক্ষ্যে ‘জনতা জানতে চায়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছিলেন অরিজিৎবাবু। সেখানে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। একটি লিফলেট বানানো হয়েছিল। গত তিন বছরে নিকাশি, রাস্তা, আলো থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে কী কী উন্নয়ন হয়েছে, তার প্রেজেন্টেশনও দেওয়া হয়। এলাকাবাসীরা তাঁদের মতামত জানান। অন্যান্য কাজের প্রশংসা থাকলেও সভায় বারেবারে উঠে এসেছে পানীয় জলের সমস্যার কথা। মূলত, অভিষিক্তা, নেতাজি কলোনি, পূর্বাচল, কায়স্থপাড়া, রামলালবাজার, সুকান্ত সরণি, বিধান রোড, লালবাহাদুর শাস্ত্রী রোড, কালীতলা রোড সহ ইএম বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। সমস্যা সমাধানে ওয়ার্ডের কাজী নজরুল পার্কে খুব দ্রুত বুস্টার পাম্পিং স্টেশন বানানোর কাজ শুরু হচ্ছে বলে খবর। পাশাপাশি, মন্দিরপাড়া (অভিষিক্তা) উত্তরণ ও মাতঙ্গিনী হাসপাতাল রোডেও দুটি বুস্টার পাম্পিং স্টেশন আগামী দিনে বানানো হবে।  
ই এম বাইপাসের দক্ষিণ-পূর্ব কলকাতার ১০৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলে সর্বত্র পুরসভার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হয় না। অনেক জায়গাতেই গভীর নলকূপের মাধ্যমে পাম্প করে জল তুলে সেই জল বাড়ি বাড়ি সরবরাহ হয়। অরিজিৎবাবুর কথায়, ‘ইতিমধ্যেই কায়স্থপাড়ায় একটি ছোট বুস্টার পাম্পিং স্টেশন বানানো হয়েছে। আরও তিনটি হবে। ঢালাই ব্রিজে নতুন জলপ্রকল্পের কাজ চলছে। সেটি শেষ হলে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা যাবে।’
সম্পর্কিত সংবাদ