Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিহারে ফের বিষ-মদের বলি ৭

বিহারে ফের বিষ-মদের বলি ৭
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বেত্তিয়া (বিহার): ফের বিষ মদে মৃত্যুর ঘটনা ‘ড্রাই স্টেট’ বিহারে। রবিবার পশ্চিম চম্পারণ জেলার লাউরিয়ায় বিষ মদ খেয়ে সাতজনের মৃত্যুর খবর মিলেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে পুলিস। এর জন্য বিশেষ টিমও গঠন করা হয়েছে। জেলার পুলিস সুপার শৌর্য সুমন জানিয়েছেন, সব কটি মৃত্যুই হয়েছে লাউরিয়া থানা এলাকায়। তবে সাতজনের মধ্যে অন্তত দু’জনের মৃত্যুর কারণ অন্য বলে দাবি করেছেন তিনি। ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার সুমিত কুমার জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে তদন্তকারী টিমকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
Advertisement
২০১৬ সাল থেকে বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। যদিও সেখানে লুকিয়ে চুরিয়ে মদ বিক্রি থামেনি। মাঝেমধ্যেই সেখানে বিষ মদ খেয়ে মৃত্যুর খবর মিলেছে। এরইমধ্যে লাউরিয়ার এই ঘটনা সামনে এল।  সূত্রের খবর, গত ১৫ জানুয়ারি একজনের মৃত্যু হয়। তারপর আরও কয়েকজনের মৃত্যুর খবর মেলে। কিন্তু গত রবিবারের আগে পুলিসের কাছে এব্যাপারে কোনও খবরই ছিল না। তার আগেই মৃতদের শেষকৃত্য সম্পন্ন হয়।  স্থানীয় বাসিন্দাদেরই একাংশ অভিযোগ করেছেন, বিষ মদ খেয়েই প্রত্যেকে মারা গিয়েছেন। যদিও পুলিস সুপারের দাবি, মৃতদের মধ্যে একজন ট্রাক্টরের ধাক্কায় ও আরেকজন পক্ষাঘাতের শিকার হয়ে মারা গিয়েছেন। বাকি পাঁচজনের মৃত্যুর কারণ নিশ্চিত নয়। প্রদীপ নামে এক মৃতের দাদা বলেন, ‘আমার ভাই তার বন্ধু মণীশের সঙ্গে মদ খেয়েছিল। দুজনেই মারা গিয়েছে।’
সম্পর্কিত সংবাদ