সংবাদদাতা, বসিরহাট: মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বৃহস্পতিবার বাড়ি ফেরাল হিঙ্গলগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁর নাম ইমামুল হক। দক্ষিণ ২৪ পরগনার ভাঙর ব্লকের পোলেরহাট এলাকার বাসিন্দা বছর চল্লিশের ইমামুল ২৫ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান পাননি। অবশেষে হিঙ্গলগঞ্জ ব্লকের কালীবাড়ি এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ নিয়ে তাঁকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে এদিন।
Advertisement
স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি সুশান্ত ঘোষ বলেন, কয়েক দিন আগে থেকে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল হিঙ্গলগঞ্জের নানা প্রান্তে। জিজ্ঞাসাবাদ করে তাঁর কাছ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি ঠিকানা পাওয়া যায়। এরপর আমরা ওই এলাকার পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করি। তাঁর মাধ্যমে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয়। এদিন তাঁর ভাইয়ের হাতে ইমামুলকে তুলে দেওয়া হয়।



