আমেদাবাদ: মঙ্গলবার গুজরাটের আনন্দে ভেঙে পড়ল বুলেট ট্রেন প্রকল্পের নির্মীয়মাণ ব্রিজের একাংশ। এই দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও এক শ্রমিক হাসপাতালে চিকিত্সাধীন। আনন্দের এসপি গৌরব জাসানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বুলেট ট্রেন প্রকল্প চত্বরে একটি গার্ডার ভেঙে পড়ে। ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।’ যদিও ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের দাবি, সেতুর জন্য ব্যবহৃত অস্থায়ী কাঠামো ভেঙে পড়ায় এই দুর্ঘটনা। রেল সূত্রে খবর, মাহি নদীতে ব্রিজের কাজ চলাকালীন কংক্রিটের বেশ কিছু ব্লক ধসে পড়ে। একেকটি ব্লকের ওজন প্রায় আড়াই টন। চাপা পড়ে যান শ্রমিকরা। দ্রুত ব্লক সরানোর কাজ শুরু হয়। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগান। মৃত শ্রমিকদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।



