নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আদালতের নির্দেশের পরেই হালিশহরের বাগমোড়ে বিলাসবহুল একটি হোটেলের বেআইনি অংশ ভেঙে ফেলল পুরসভা। বৃহস্পতিবার ঘোষপাড়া রোড লাগোয়া হালিশহর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগমোড় সংলগ্ন বেআইনি নির্মাণটি ভাঙার সময় উপস্থিত ছিলেন পুলিস ও পুরসভার অধিকারিকরা। হালিশহর পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিলাসবহুল এই হোটেলটি সংস্কারের সময় পুরসভার থেকে প্রাথমিক অনুমতি নেওয়া হলেও রিভাইসড প্ল্যানের অনুমতি নেওয়া হয়নি। হোটেলটিতে দু’টি বিল্ডিং রয়েছে। বিল্ডিং দু’টি সংযোগ করার জন্যও পুরসভার থেকে অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ। এনিয়ে পুরসভার তরফে একাধিকবার নোটিস করা হলে হোটেল কর্তৃপক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু আদালতে হোটেল কর্তৃপক্ষ হেরে যাওয়ার পর বুধবার হালিশহর পুরসভার তরফে অবৈধ নির্মাণের অংশ ভেঙে দেওয়া হবে বলে নোটিস দেওয়া হয়। সেইমতো এদিন সকালে বেআইনি নির্মাণে বুলডোজার চালায় পুরসভা।
Advertisement
এ বিষয়ে স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী বলেন, উচ্চ আদালতের নির্দেশ পালন করেছে পুরসভা। অবশ্য হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতেই নোটিস দিয়ে বৃহস্পতিবার সকালে ভেঙে দেওয়া হল। সময় চাওয়া হলেও সময় দেওয়া হল না। পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, গত এক বছর ধরে পুরসভার পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষকে বারবার বলা হয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা বেআইনি অংশ দেখিয়ে এসেছেন। তা সত্ত্বেও তারা ভাঙেনি। উল্টে তারা আদালতে দরবার করেছে। সেখান থেকে নির্দেশ আসার পরেই বেআইনি অংশ ভেঙে দেওয়া হল। সবটাই হয়েছে হাইকোর্টের নির্দেশে।



