নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভাগ্নিকে যৌন হেনস্তার অভিযোগে দোষীর ২০ বছর সশ্রম কারাদণ্ডর নির্দেশ দিল বারাসতের পকসো আদালত। দোষীর নাম প্রসেনজিৎ পাত্র। তার বাড়ি বারাসত। কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছর জেল হেফাজত হবে তার। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ২৪ এপ্রিল নাবালিকা ভাগ্নিকে নির্জন জায়গায় নিয়ে যায় প্রসেনজিৎ। নাবালিকার বয়স ছিল ১২ বছর। তাকে ধর্ষণ ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পরের দিনেই প্রসেনজিৎকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিস। চার বছর ধরে মামলা চলার পর চলতি বছর ৭ ফেব্রুয়ারি প্রসেনজিৎকে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার তার সাজা শুনিয়েছেন পকসো আদালতের বিচারক সুস্মিতা মুখোপাধ্যায়। সরকারি আইনজীবী তারাশঙ্কর ভট্টাচার্য বলেন, ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগেই ধর্ষণ করা হয়।



