সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-২ ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম এবং আশ্রম পরিচালিত ‘স্নেহচ্ছায়া’ বালিকা হোমের মোট ১১জন আবাসিক এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে। এর মধ্যে আশ্রমের ন’জন এবং স্নেহচ্ছায়া হোমের দু’জন আবাসিক পরীক্ষার্থী রয়েছে। এরা সকলেই পাঁউশি বৈকুন্ঠ স্মৃতি মিলনী বিদ্যাপীঠের ছাত্রছাত্রী এবং সেই স্কুল থেকেই পরীক্ষায় বসেছে। এদের মধ্যে কারও বাবা-মা নেই। কারও মা আছেন, তো বাবা নেই। কারও বাবা আছেন তো মা নেই। কোনও এক সময়ে তারা আশ্রমে ঠাঁই পেয়েছিল। আর পাঁচটা ছেলেমেয়েদের মতো সহজভাবে জীবন শুরু হয়নি পরীক্ষার্থী প্রিয়াঙ্কা খাটুয়া, সোনালী সর, সুজাতা বারুই, সন্তোষ সাউ, সৌরিত জানা, সুদীপ মিশ্র, শানকুমার করণদের। প্রতিটি পদে তাদের অনেক ধাক্কা খেতে হয়েছে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে একটা সময় এই আশ্রমে ঠাঁই হয়েছিল। তারপর আশ্রমিক পরিবেশে বড় হয়ে উঠেছে এবং জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য একটু একটু করে নিজেদের তৈরি করেছে তারা। তবে একবারের জন্যও ভেঙে পড়েনি। আশ্রম তাদের সন্তানস্নেহে আগলে রেখেছে। প্রতিবছরই এই আশ্রম থেকে ১০-১২ জন আবাসিক পরীক্ষা দেয়। এবার পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন খুবই মেধাবী।



