সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-২ ব্লকের বাসুদেববেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি। সবুজ ঝড়ে ধরাশায়ী হল পদ্ম শিবির। মঙ্গলবার এই সমিতির নির্বাচন ছিল। ভূপতিনগর থানার পুলিসের কড়া নিরাপত্তার ঘেরাটোপে নির্বাচন হয়। ফল প্রকাশিত হলে দেখা যায়, ৯টি আসনই তৃণমূল দখল করেছে। বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রার্থীরা। বিজেপির চিহ্ন নেই। সমবায়ে মোট ভোটার ৫৭৩জন। তার মধ্যে ভোট পড়েছে ৫১০টি। এই সমিতি আগেও তৃণমূলের দখলে ছিল। ফের পরিচালন ক্ষমতা তাদের দখলে আসায় উজ্জীবিত শাসক শিবির। জয়ের খবর ছড়িয়ে পড়তেই সবুজ আবির মাখানো ও মিষ্টিমুখের পালা চলে দলের নেতা-কর্মীদের মধ্যে।
Advertisement
জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না। তিনি বলেন, এই জয় থেকে প্রমাণিত হল, মানুষ তৃণমূলের সঙ্গে আছে। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখান করেছে। এদিনের জয় দলকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করল। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক শুভাশিস মাইতি বলেন, একটা সমবায় সমিতির ফলাফল দিয়ে বিজেপিকে বিচার করলে হবে না। তাছাড়া তৃণমূল কী কায়দায় ক্ষমতা দখল করে সেটা তো সবারই জানা। তবে পরাজয়ের কারণ আমরা দলীয়ভাবে খতিয়ে দেখব।



