Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরে জমি বিবাদে প্রতিবেশী মহিলাকে অস্ত্রের কোপ, ধৃত যুবক  

ভগবানপুরে জমি বিবাদে প্রতিবেশী মহিলাকে অস্ত্রের কোপ, ধৃত যুবক
 
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশী মহিলাকে কাতানের কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভগবানপুরে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে ভগবানপুর থানার পুলিস। সংশ্লিষ্ট থানার মির্জাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম দেবু সিং। তার বাড়ি মির্জাপুর এলাকায়। বুধবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী ঘোড়াই পরিবারের সঙ্গে দেবুর পরিবারের জায়গার সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। কয়েকদিন আগে দুই পরিবারের মধ্যে এই বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়। ঝগড়া ও হাতাহাতি চলাকালীন উত্তেজিত হয়ে দেবু প্রতিবেশী মহিলা নীলিমা ঘোড়াইকে কাতানের কোপ মারে বলে অভিযোগ। কাতানের আঘাতে তাঁর বাঁ চোখের উপরের অংশ এবং গাল গভীরভাবে কেটে যায়। গুরুতর জখম অবস্থায় নীলিমাদেবীকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। কিছুটা সুস্থ হওয়ার পর গত ১৩ জানুয়ারি তিনি থানায় দেবু সহ কয়েকজনের নামে এবিষয়ে অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে। তবে অভিযোগ দায়ের হওয়ার পর দেবু পালিয়ে যায়। মঙ্গলবার রাতে এলাকা থেকেই দেবুকে গ্রেপ্তার করে পুলিস। ওসি শাহেনশা হক বলেন, এই ঘটনায় বাকি অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ