Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায়, সরকারি জমিতে দেদার মাটি লুট

ভগবানগোলায়, সরকারি জমিতে দেদার মাটি লুট
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: সরকারি জমিতে থাকা গোবরা নালা থেকে মাটি লুট অব্যাহত রয়েছে। বুধবার ভগবানগোলা থানার মহিষাস্থলি পঞ্চায়েতের ৩৪নম্বর বুধর কিসমত মৌজায় গোবরা নালা থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল স্থানীয় এক মাটি মাফিয়ার বিরুদ্ধে। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়াই করে পরাজিত হয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর পেয়ে সেচ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার কাজ বন্ধ করেন। অভিযোগ, খবর পেয়েও পুলিস সঠিক সময়ে ঘটনাস্থলে আসেনি। তাই মাটি কাটার কাজে ব্যবহৃত জেসিবি ও ট্রাক্টর বাজেয়াপ্ত করা যায়নি। এই বিষয়ে ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, খবর পেয়েই পুলিস যায়। কিন্তু কোনওভাবে আগে থেকে খবর পেয়ে পুলিস আসার আগেই অভিযুক্তরা জেসিবি ও ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়।
Advertisement
ভগবানগোলা সহ পার্শ্ববর্তী এলাকায় কৃষিকাজে জলসেচ ব্যবস্থাকে সহজ করতে গোবরা নালা কাটা হয়েছিল। দীর্ঘকাল ধরে সংস্কারের অভাবে গোবরা নালার অধিকাংশ এলাকা বুজে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার জেলা পরিষদের মাধ্যমে ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পকে কাজে লাগিয়ে গোবরা নালা সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর উদ্দেশ্য, এলাকার সেচ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি মৎস্য ও পশু পালনে বাসিন্দাদের উৎসাহিত করা। কিন্তু স্থানীয় এক দল মাটি মাফিয়া দিনের পর দিন মাটি লুট করে চলেছে। অভিযোগ, পুলিসের একাংশের মদতে লাগাতার গোবরা নালার মাটি কেটে তা ইট ভাটা সহ বিভিন্ন ক্ষেত্রে বিক্রি করে দেওয়া হচ্ছে। বুধবার তৃণমূল ঘনিষ্ঠ ওই মাটি মাফিয়া একটি জেসিবি ও ১০টি ট্রাক্টর দিয়ে মাটি কাটা শুরু করে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং সেচ ও জলপথ দপ্তরের আধিকারিকরা এসে মাটি কাটার কাজ বন্ধ করে দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ