সংবাদদাতা, লালবাগ: বুধবার রাতে ভগবানগোলা থানার কালুখালি মন্তাজনগরে নিজের বাড়ির পিছন থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম মনিরুল শেখ(৩২) ওরফে রনি। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, এখনও মৃত যুবকের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মনিরুল বুধবার বিকেলে কালুখালি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। রাত ১০টার পরেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে নিজের বাড়ির পিছনেই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের স্ত্রী রেশমা বিবি বলেন, ‘কালুখালি থেকে ঘুরে আসছি’ বলে বাড়ি থেকে বের হয়। রাত ৯টার পরেও বাড়ি আসছে না দেখে ফোন করি। তখন জানায়, ‘কিছুক্ষণের মধ্যে আসছি’। তারপরে দেড়ঘণ্টা কেটে গেলেও ও বাড়ি ফেরেনি। তখন শাশুড়িকে সঙ্গে নিয়ে ওকে খুঁজতে বের হই। অনেক খোঁজাখুঁজির পর ওকে না পেয়ে বাড়ি ফিরে আসি। পরে ছাদে গিয়ে দেখি ওখানে মোবাইল পড়ে রয়েছে। নীচে স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মৃতের মা নুরজাহান বিবি বলেন, ছেলেকে খুন করে ফেলে গিয়েছে। পুলিস খুনিদের গ্রেপ্তার করুক। স্থানীয় পঞ্চায়েত সদস্য সাবিরুল শেখ বলেন, মনিরুলের সঙ্গে কখনও কারও ঝামেলা হতে দেখিনি। পুলিস তদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



