Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাবতা স্টেশন সংলগ্ন রেলগেটের সামনে যাতায়াতে সমস্যা, ক্ষোভ

ভাবতা স্টেশন সংলগ্ন রেলগেটের সামনে যাতায়াতে সমস্যা, ক্ষোভ
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: শিয়ালদহ লালগোলা শাখায় দীর্ঘদিন ধরে বিপজ্জনক হয়ে রয়েছে ভাবতা স্টেশন সংলগ্ন ১২০ নম্বর রেলগেট। প্রতিদিন ঝুঁকিপূর্ণ পারাপার করতে হচ্ছে স্থানীয় কয়েক হাজার মানুষকে। বড় বড় পাথরের উপর দিয়েই গাড়ি যাতায়াতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পাথরের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারাচ্ছেন চালকরা। স্থানীয় মানুষ রেল কর্তৃপক্ষের কাছে একাধিকবার সংস্কারের দাবি জানিয়েছেন। কিন্তু সমস্যার হাল ফেরেনি। বাসিন্দাদের দাবি, পারাপারের সময় অনেকেই পড়ে যাচ্ছেন। ঠিক সেইসময় ট্রেন চলে এলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। পারাপারের ওই অংশটি পিচ করে দিলে আর কোনও সমস্যা থাকবে না। 
শিয়ালদহ লালগোলা শাখায় বহরমপুর থেকে বেলডাঙা যাওয়ার পথে ভাবতা স্টেশন ঢোকার আগেই ১২০ নম্বর রেলগেটটি রয়েছে। ডবল লাইনের রেল গেটটির কাছে পাথরের উপর দিয়ে ঝুঁকি নিয়েই স্থানীয় মানুষদের যাতায়াত করতে হচ্ছে। রেল লাইনের পাশেই রয়েছে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা। স্কুল পড়ুয়াদের সাইকেল নিয়ে রেলগেট পার হতে চরম সমস্যা হয়। আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্রী নাসরিন খাতুন বলে, সাইকেল নিয়ে হেঁটে রেল গেট পার হতে হয়। সাইকেল চালিয়ে পার হতে গেলেই পড়ে যাওয়াার সম্ভাবনা রয়েছে। রেলগেটের ওই অংশটি সংস্কার করে দিলে স্কুল যেতে সুবিধা হয়।
Advertisement
স্কুল পড়ুয়ার পাশাপাশি বাজার, অফিস যাত্রীদের ওই রেল গেট পার হয়ে রোজ দুবার তিনবার যাতায়াত করতে হয়। যানজট সমস্যার কারণে এই রেল গেট পার হয়ে অনেকে বেলডাঙা ঢোকেন। রেলগেট পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। গেট খোলার পরে তাড়াহুড়োয় যাতায়াতে আরও সমস্যা তৈরি হয়। বিপদের সম্ভাবনা তৈরি হয়।
ভাবতার বাদিন্দা মহম্মদ কাওসার আলি বলেন, স্থানীয় মানুষ দীর্ঘদিন থেকে এই সমস্যায় ভুগছেন। রেল কর্তপক্ষের নজরেও এনেছি। কিন্তু কর্তৃপক্ষের উদাসিনতায় দুর্ভোগ একই জায়গায় থমকে রয়েছে। স্থানীয় বাসিন্দা আসিফ ইকবাল বলেন, দ্রুত রেলগেটের সমস্যা না মিটলে আমরা রেল অবরোধ করে বিক্ষোভ দেখাব বলে সিদ্ধান্ত নিয়েছি। তারজন্য জনমত সংগঠিত করছি। সমস্যা নিয়ে কার্যত স্থানীয় মানুষ ক্ষোভে ফুঁসছেন।
 
সম্পর্কিত সংবাদ