Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভয়াবহ আগুনে ভস্মীভূত ২টি বাড়ি

ভয়াবহ আগুনে ভস্মীভূত ২টি বাড়ি
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: জলঙ্গিতে ভয়াবহ আগুনে দু’টি বাড়ি ভস্মীভূত হল। শনিবার দুপুরে জলঙ্গির সাদিখাঁরদিয়াড়ের তাঁতিরপুকুর এলাকার ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় কেউ জখম না হলেও দু’টি বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে। উনুনের আগুনই ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। 
Advertisement
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে আলি হোসেনের বাড়িতে উনুনে রান্না করছিলেন তাঁর স্ত্রী সাজেদা বিবি। রান্নার মাঝে উনুন ছেড়ে ঘরে ঢুকেছিলেন। সেই সময়ই রান্না ঘরের পাটকাটির চালায় আগুন ধরে যায়। পুরো রান্না ঘরে ওই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ওই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। নলকূপ ও মোটর চালিয়ে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও তাতে খুব একটা কাজ হয়নি। কিছুক্ষণের মধ্যেই ওই আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশী আবুল হোসেনের বাড়িতেও। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। যদিও ততক্ষণে দু’টি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি পরিবারের নগদ টাকা, আসবাবপত্র, খাদ্যসামগ্রী সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। দু’টি পরিবার মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যা সাজেদা বিবি বলেন, আমি রান্না করছিলাম। উনুনে ততটা আগুন ছিল না। আমার ছেলে কাঁদছিল বলে ঘরে গিয়েছিলাম। ওই সময় আগুন ধরে যায় বাড়িতে। আগুনে আমাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা চাই অন্তত আমাদের কিছুটা হলেও সরকারি সাহায্য করা হোক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পঞ্চায়েত প্রধান মহাবুল ইসলাম। তিনি বলেন, হতে পারে উনুন থেকেই ওই আগুন লেগেছে। আমরা যতটা পারব পরিবারের পাশে থাকব। পরিবারগুলি যাতে সরকারি ঘর পায়, সেই চেষ্টা করছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ