নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভবঘুরে এক মহিলাকে বেধড়ক মারধর। বাঁশ দিয়ে তাঁকে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে হাড়োয়ার পীর গোরাচাঁদ বাজার চত্বরে। জানা গিয়েছে, আনোয়ারা বিবি (৪২) নামে এক ভবঘুরে মহিলা গোরাচাঁদ বাজারে থাকেন। তাঁর কাছে এক জোড়া রুপোর কানের দুল ছিল। মিলন শেখ নামে এক যুবকের কাছে তিনি তা রাখতে দেন। শনিবার ওই দুল ফেরত চাইতেই মিলন তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, মিলন ওই মহিলাকে তুলে আছাড় মারছে। তারপর বাঁশ দিয়ে এলোপাথাড়ি আঘাত করছে। অন্য এক মহিলা ঠেকাতে গেলে মিলন বাঁশ নিয়ে তাঁর দিকেও তেড়ে যায়। ব্যবসায়ীরা পুলিসকে বিষয়টি লিখিত আকারে জানান।



